About Me

দক্ষিণ এশিয়ার প্রথম ই-গেট চালু হলো বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ১৮ সেকেন্ডে ইমিগ্ৰেশন

সংগৃহীত ছবি: ই-গেট ইমিগ্ৰেশন

দক্ষিণ এশিয়ার প্রথম ই-গেট চালু হলো বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ১৮ সেকেন্ডে ইমিগ্ৰেশন

প্রকাশিত: ০৭ জুন ২০২২, ০৪:৫৯ পিএম

বাংলাদেশ:

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ই-গেটের (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থা) চালু করেছে বাংলাদেশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি চালু হয়েছে। একজন যাত্রী মাত্র ১৮ সেকেন্ডে নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন।

৭জুন, মঙ্গলবার ই-গেট কার্যক্রমের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ই-পাসপোর্ট ইমিগ্রেশন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাদাত হোসাইন। তাদের সামনে ই-গেটের মাধ্যমে যাত্রীর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৫টি ই-গেট বসানো হয়েছে। তার মধ্যে বিমানবন্দরের ডিপার্চার (বহির্গমন) এলাকায় ১২টি এবং অ্যারাইভাল (আগমনী) এলাকায় ৩টি ই-গেট বসানো হয়েছে। রোববার ও সোমবার পরীক্ষামূলকভাবে এ গেট ব্যবহার করা হয়েছিল। এতে দেখা গেছে, মাত্র ১৮ সেকেন্ডেই একজন যাত্রী নিজেই নিজের ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন।

এ ছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট স্থাপন করা হয়েছে।

সোমবার, পরীক্ষামূলকভাবে কিছু যাত্রীকে ই-গেটের মাধ্যমে সফলভাবে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়েছে জানিয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, আজ (মঙ্গলবার) যাত্রীদের জন্য পুরোপুরি ই-গেট চালু করা হয়েছে। মাত্র ১৮ সেকেন্ডে ই-পাসপোর্টধারী যাত্রী ভেরিফিকেশন শেষে ই-গেট অতিক্রম করতে পারছেন।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানায়, ই-পাসপোর্ট নিয়ে যখন একজন ব্যক্তি ই-গেটের কাছে যাবেন, তখন একটি নির্দিষ্ট স্থানে ই-পাসপোর্টটি রাখলে সঙ্গে সঙ্গে গেট খুলে যাবে। তখন নিয়ম অনুযায়ী একজন যাত্রী, গেটের নিচে দাঁড়ানোর পর ক্যামেরা ওই যাত্রীর ছবি তুলে নেবে। এরপর সব ঠিকঠাক থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই ইমিগ্রেশন পার হয়ে যেতে পারবেন যাত্রী। তবে যদি কোনো যাত্রী ভুল করেন, তাহলে লাল বাতি জ্বলে উঠবে। তখন সেখানে দায়িত্বরত কর্মকর্তারা সঠিকভাবে ই-পাসপোর্ট ব্যবহারে ওই যাত্রীকে সহযোগিতা করবেন।

আরো পড়ুন...

নবী মুহাম্মদ (দঃ) কে নিয়ে অবমাননা করায় সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র এবং মুসলিম প্রতিষ্ঠানগুলি ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে নিন্দা করেছে


বাংলাদেশ যেমনিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও ডিজিটাল প্রক্রিয়ায় সিস্টেমকে এগিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে যাত্রীদের ইমিগ্ৰেশন অপেক্ষার যে একটা সময় ব্যয় হতো, তার দিন মুছে যাচ্ছে। ১৮ সেকেন্ডে ইমিগ্ৰেশন সম্পন্ন হওয়ার ফলে যাত্রীরা বিমানে উঠার আগ পর্যন্ত রিল্যাক্স মুডে আনন্দের সাথে সময় পার করতে পারবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ