About Me

এবার ওমানে প্রবাসী নিয়োগে কোনো অর্থ নিতে পারবে না মালিকপক্ষ

                                   

ওমানে অ-ওমানি জনশক্তি নিয়োগের জন্য নতুন নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ

প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯অক্টোবর ২০২৬, বিকাল ৫টা

ওমানের শ্রম মন্ত্রণালয় সম্প্রতি অ-ওমানি জনশক্তি নিয়োগ কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রবিধান জারি করেছে, যা (মন্ত্রণালয় সিদ্ধান্ত নং ৩৯০/২০২৬)। রয়্যাল ডিক্রি ৫৩/২০২৩-এর অধীনে প্রণীত শ্রম আইনের ভিত্তিতে তৈরি এই প্রবিধানে নিয়োগকারী সংস্থা (রিক্রুটমেন্ট অফিস) এবং নিয়োগকর্তাদের জন্য লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় শর্তাবলি ও দায়বদ্ধতা নির্ধারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নং ১/২০১১-এর অধীনে থাকা পূর্ববর্তী প্রবিধানটি বাতিল হয়ে যাবে এবং প্রবাসী নিয়োগের জন্য নতুন এই প্রবিধানটি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ওমানের মিডিয়া, টাইমস অব ওমান-এর সাথে আলাপকালে মোহাম্মদ ইব্রাহিম ল ফার্ম-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ ইব্রাহিম আল জাদজালি বলেন, এই প্রবিধান অনুযায়ী, নিয়োগকারী সংস্থাগুলোর জন্য শ্রম মন্ত্রণালয় থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

যোগ্যতা:

যোগ্যতার শর্তাবলির মধ্যে রয়েছে - মালিক, অংশীদার এবং অনুমোদিত স্বাক্ষরকারীদের অবশ্যই ওমানি নাগরিক হতে হবে। ছোট এবং মাঝারি এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অথরিটিতে নিবন্ধিত হতে হবে এবং ৫,০০০ ওমানি রিয়াল (OMR) আর্থিক নিশ্চয়তা (ফাইন্যান্সিয়াল গ্যারান্টি) প্রদান করতে হবে। এছাড়া, নিয়োগকারী সংস্থাগুলোকে তাদের কার্যালয় এবং কর্মীদের আবাসনের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড পূরণ করতে হবে।

তিনি আরও বলেন, লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলোকে চাকরির প্রস্তাব (জব অফার) এবং পরিষেবা চুক্তির (সার্ভিস কন্ট্রাক্ট) জন্য নির্ধারিত ফরম ব্যবহার করতে হবে। উদ্যোগী নতুন প্রবাসী কর্মীরা তাদের নিয়োগকর্তাদের কাছে কর্মীদের ব্যক্তিগত তথ্য, দক্ষতা ও অভিজ্ঞতার বিবরণ প্রদান করতে হবে।

ওমানে প্রবেশের আগে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং প্রতিটি পরিষেবা চুক্তির বিপরীতে বিমা সুবিধা নিশ্চিত করতে হবে। তাদের অবশ্যই ওমানে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনের অনুমোদিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত বৈদেশিক এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করতে হবে। যেসব দেশের ওমানে কোনো কূটনৈতিক মিশন নেই, সেসব দেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের সাথে সমন্বয় করতে হবে।

নিয়োগকারী সংস্থাগুলো নিয়োগ বা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মীদের কাছ থেকে কোনো অর্থ বা ফি আদায় করতে পারবে না এবং কর্মীদের লিখিত সম্মতি ছাড়া তাদের পাসপোর্ট বা কোনো সরকারি নথিপত্র নিজেদের কাছে রাখতে পারবে না। তিনি আরও যোগ করেন যে, নিয়োগকারী অফিসগুলোকে অবশ্যই পরিষেবা চুক্তির ৪৫ দিনের মধ্যে কর্মী নিয়োগ করতে হবে, যদি না অন্য কোনো স্বল্প সময়সীমা নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়ে থাকে।

নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে, অফিসগুলোকে নিয়োগকর্তার অর্থ ফেরত দিতে হবে অথবা লিখিত সমঝোতার ভিত্তিতে বিকল্প কর্মী সরবরাহ করতে হবে। তবে কিছু ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়ার অধিকার বাতিল হয়ে যেতে পারে, যেমন—কাজের শর্তাবলি নিয়ে নিয়োগকর্তার প্রতারণা, টানা দুই মাস বা এক বছরের মধ্যে মোট তিন মাস (ধারাবাহিকভাবে নয় এমন) বেতন বকেয়া রাখা, অথবা কর্মীর ওপর হয়রানি বা সহিংসতা চালানো।

২৪ অক্টোবর ২০২৬ ইং , প্রকাশিত খবর অনুযায়ী তিনি আরও উল্লেখ করেন, নির্ধারিত চুক্তিনামা অনুযায়ী, গৃহকর্মী বা সমপর্যায়ের কর্মীদের ক্ষেত্রে পরিষেবার নিশ্চয়তা বা গ্যারান্টি মেয়াদ হলো দুই বছর এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে এই মেয়াদ ৯০ দিন, যা কাজ শুরুর তারিখ থেকে গণনা করা হবে। অস্থায়ী শ্রম অনুমোদনের (Temporary Labour Authorisation) মেয়াদ ১৮০ দিন এবং এটি নবায়নযোগ্য নয়।

তিনি পরিশেষে বলেন, নিয়ম না মানলে সতর্কবার্তা প্রদান, প্রশাসনিক জরিমানা, অথবা লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে। এছাড়া শ্রম আইনের অধীনে ফৌজদারি শাস্তির বিধানও বহাল থাকবে। বিদ্যমান লাইসেন্সগুলো তাদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে, তবে শর্ত থাকে যে, সেগুলো নতুন প্রবিধান অনুযায়ী নবায়ন করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ